পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় সুলতানা জাহান ডলি (৪৬) নামের এক সিনিয়র স্টাফ নার্সকে কুপিয়ে জখম করেছেন তার সাবেক স্বামী। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত আমিরুল ইসলাম পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের বাসিন্দা।
হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমিরুলের সঙ্গে ডলির বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। দাম্পত্য কলহের জেরে গত ৩ জানুয়ারি ডলি তার স্বামী আমিরুলকে ডিভোর্স দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমিরুল তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এমনকি ডলির মানহানি করতে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ নিয়ে ডলি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
শুক্রবার ডিউটি শেষে বাড়িতে ফেরার প্রস্তুতির সময় আমিরুল হঠাৎ জরুরি বিভাগে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ডলির গলা, পেট ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ডলির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
মতামত