কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষার চলাকালীন কেন্দ্র সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিশেষ প্রযুক্তিসম্পন্ন একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ ও উত্তর সরবরাহে ব্যবহারের প্রস্তুতি ছিল বলে ধারণা করা হচ্ছে।
আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, বেলাল হোসেন (৩৮), আনোয়ার হোসেন (২৮), মিনারুল ইসলাম (৪০), শাহাজামাল (২৭), বাবু ইসলাম (৩২), জান্নাতুল নাঈম মিতু (২৬), আব্দুল লতিফ (৫২) এবং শরিফুজ্জামান (৪০)। তারা কুড়িগ্রামের বিভিন্ন এলাকা ও ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লা হিল জামান জানান, জালিয়াতির প্রস্তুতিকালে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই চক্রের সাথে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনার পর এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মতামত