সারাদেশ

চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু

প্রিন্ট
চাটখিলে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লির মৃত্যু

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২৬, রাত ১১:৩৪

নোয়াখালীর চাটখিলে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মো. সুজন (৫০) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ওই গ্রামের বাসিতফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হন সুজন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, চাটখিলে লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে উঠতি বয়সের তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে চাটখিলে প্রায়ই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তারা এসব কিশোর গ্যাং ও অদক্ষ চালকদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।