সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জমির সাইনবোর্ড ভাঙচুর ও দখলের অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জমির সাইনবোর্ড ভাঙচুর ও দখলের অভিযোগ

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, রাত ১১:১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারিশ সূত্রে পাওয়া জমির সাইনবোর্ড ভাঙচুর, জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম বাদী হয়ে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী শামীমা আক্তার সীমাসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজমিজি তালতলা এলাকায় জাহিদুল ইসলামের মৃত ছোট ভাই রাশেদুলের ৩.৫০ শতাংশ জমির ওপর একটি তিন তলা ভবন রয়েছে। ভূমি অফিসের বণ্টননামা অনুযায়ী, ওই সম্পত্তির ১.৩০ শতাংশ জমির মালিক জাহিদুল ইসলাম ও তাঁর অন্য ভাই-বোনেরা। সেই জমিতে মালিকানার সাইনবোর্ড স্থাপন করলে বিবাদী শামীমা আক্তার ও তাঁর সহযোগীরা রাতের আঁধারে তা ভেঙে ফেলেন এবং জমিটি দখলে নেন।

বাদী জাহিদুল ইসলাম অভিযোগ করেন, পাওনা জমি দাবি করায় বিবাদীরা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নূর ই আলম সিদ্দিক জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।