সারাদেশ

বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে

প্রিন্ট
বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, রাত ১১:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে উদ্ধার হওয়া তিনটি শিশুকে সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে পাঠানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোরে মেলা প্রাঙ্গণে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির সময় তাদের উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া শিশুরা হলো, রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫)। পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজের নেতৃত্বে পুলিশের একটি দল মেলা চত্বরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোকতার হোসেন জানান, শিশুদের পরিচয় জানতে চাইলে তারা একেক সময় একেক ঠিকানা বলছিল। তবে তারা জানায়, তাদের বাড়ি কুর্মিটোলা রেল স্টেশন এলাকায়। রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে না পারায় শিশুদের নিরাপত্তার স্বার্থে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়। পরে সমাজসেবা অধিদপ্তর শিশুদের দেখভাল ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নিজেদের হেফাজতে নেয়। হারিয়ে যাওয়া শিশুদের অভিভাবকদের সন্ধান পেলে সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।