নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে রাশেদুল ইসলাম ও নাজমুল হাসান নামে দুই সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় মূল অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত রাশেদুল ইসলাম দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার এবং নাজমুল হাসান এশিয়ান টেলিভিশনের সাংবাদিক। এ ঘটনায় রাশেদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহযোগী হিসেবে দক্ষিণবাগ এলাকার আফজাল হোসেন, জাকিরসহ একটি চক্র জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। ৫ আগস্টের পর আফজাল গ্রেপ্তার হলে সেই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেন রাশেদুল ইসলাম। এরই জেরে রোববার সকালে ওই এলাকায় জমি দেখতে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত