সারাদেশ

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রিন্ট
অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, বিকাল ৩:৪০

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো কাঙ্খিত উন্নতি হয়নি। আমরা আশা করি দ্রুতই পরিস্থিতির উন্নতি ঘটবে।

দেশের রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সংস্কার কমিশনের মাধ্যমে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, তার সবই বিএনপির প্রস্তাবিত সংস্কার রূপরেখায় রয়েছে। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপিকে একটি গঠনমূলক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে তারা মাঠে আছেন।

ক্রিকেট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকেই অপমান করা। তবে যেকোনো ছোটখাটো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে ফখরুল বলেন, একটি দেশের সাথে অন্য দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে সব ন্যায্য দাবি আদায়ের চেষ্টা করা হবে।