রংপুর আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রংপুরে ভোটার সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে রংপুর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বাহাদুরসিং মধ্যপাড়া এলাকায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, ভোটের মাধ্যমেই জনগণ তাদের যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচন করে। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনদের আলোকে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। তিনি দেশের ভবিষ্যৎ নির্ধারণে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগকে নাগরিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
উঠান বৈঠকে ভোট প্রদানের কারিগরি দিক তুলে ধরেন বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির। তিনি জানান, নির্বাচনের দিন কেন্দ্রে দুটি ব্যালট পেপার থাকবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি রঙের। ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। তারা নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
মতামত