পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলার সরকারপাড়া এলাকায় একটি ভেজাল দুধের কারখানায় অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কারখানা থেকে ভেজাল দুধ তৈরির উপকরণ হিসেবে ছানার পানি, ক্রিম, সাবানের গুঁড়া, আটা, ডালডা ও পাম অয়েলসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। অভিযুক্ত কারখানার মালিক জয়দেব কুমার স্বীকার করেন, তিনি দীর্ঘ ১২ বছর ধরে এসব উপকরণ মিশিয়ে নকল দুধ তৈরি করে বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করে আসছিলেন।
অভিযানের সময় জয়দেব পালানোর চেষ্টা করলেও প্রশাসনের তৎপরতায় তাকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অসাধু কর্মকাণ্ড বন্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মতামত