সারাদেশ

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসককে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

প্রিন্ট
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসককে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, রাত ১০:১০

নারায়ণগঞ্জে এলপিজি গ্যাসের অযৌক্তিক ও অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বাজার নিয়ন্ত্রণে জরুরি হস্তক্ষেপ কামনায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখার একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নিকট এই স্মারকলিপি পেশ করেন।

মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যখন বিপর্যস্ত, তখন এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। অনেক স্থানে বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছে, যা ভোক্তা অধিকারের চরম লঙ্ঘন।

স্মারকলিপিতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা আনা, সরকারি মূল্যে বিক্রি নিশ্চিত করতে কঠোর তদারকি, অতিরিক্ত দাম আদায়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখা।

নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, যথাযথ নজরদারির অভাবে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস কিনছে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর না হলে সাধারণ জনগণের দুর্ভোগ আরও বাড়বে।