ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার সোলিংয়ের ইট তুলে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর বড়বাড়ি ইউনিয়নের বেলহাড়া বেলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, ৮ নম্বর বড়বাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক নজির উদ্দিন। অভিযোগ রয়েছে, দলীয় প্রভাব খাটিয়ে তারা ওই সড়কের ব্রিজের দুই পাশে থাকা প্রায় ১৪ হাজার সরকারি ইট তুলে নিজ বাড়িতে মজুদ করেছেন।
ইউপি প্যানেল চেয়ারম্যান নাজমা বেগম জানান, ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে নির্মিত কালভার্টের দুই পাশে চলাচলের সুবিধার্থে ইটের সোলিং করা হয়েছিল। সেই ইটগুলো অভিযুক্তরা তাদের লোকজন দিয়ে তুলে নিয়ে যান। স্থানীয়রা বাধা দিতে গেলে তারা দলীয় প্রভাব দেখিয়ে চড়াও হন বলে জানা গেছে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিউল মাডি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অভিযুক্তদের বাড়িতে সরকারি ইটের স্তূপ পাওয়া যায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা আত্মগোপন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিউল মাডি জানান, সরকারি ইট তুলে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে তাদের নিজ খরচে ইটগুলো যথাস্থানে প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী তদন্ত প্রতিবেদন জমা দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ আত্মসাতের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত