সারাদেশ

নারায়ণগঞ্জে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

প্রিন্ট
নারায়ণগঞ্জে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, রাত ১১:২৬

নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির। তিনি বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সঠিক তথ্য দেওয়া সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। প্রশাসন ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব। তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তার ওপরও গুরুত্বারোপ করেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। সভাপতির বক্তব্যে আবু সাউদ মাসুদ বলেন, দীর্ঘদিন পর সাংবাদিকতার একটি সুস্থ পরিবেশ তৈরি হয়েছে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে আগামী দুই মাস আমাদের সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন এবং পিআইবির সহকারী সম্পাদক ও সমন্বয়ক শাহেলা আক্তার।

১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত এই কর্মশালায় নির্বাচনী আইন, আচরণ বিধিমালা ২০২৫ এবং অপতথ্য ও গুজব প্রতিরোধের (ফ্যাক্টচেকিং) কৌশল নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাসেল আহমেদ।