নারায়ণগঞ্জের বন্দরে তাওহীদ (২০) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাতে নিহতের বাবা আল মামুন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে বন্দর থানায় এই মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৭ জানুয়ারি) স্থানীয় একটি চায়ের দোকানে বাকবিতণ্ডার জেরে তাওহীদকে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার রাতে জরুরি কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় তাকে। এরপর থেকেই তাওহীদ নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে আমিরাবাদ এলাকার একটি বালুর মাঠের কাশবন থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার আসামিরা হলেন, আমিরাবাদ এলাকার রহিম, ইমন ও মোহাম্মদ। সিসিটিভি ফুটেজে আসামিদের সঙ্গে তাওহীদকে বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে বলে দাবি করেছেন বাদী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
মতামত