সারাদেশ

আড়াইহাজারে অবৈধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

প্রিন্ট
আড়াইহাজারে অবৈধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে রিফাত (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। দণ্ডপ্রাপ্ত রিফাত স্থানীয় বাবুল মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু ও মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ও পরিবেশ ঝুঁকির মুখে পড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে রিফাতকে অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে জনজীবন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।