নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার রাসেল ফকিরসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাকান্দাইল এলাকার শীর্ষ সন্ত্রাসী রাসেল ফকির (৩০) এবং তার সহযোগী বাদল ফকির (২৭) ও মনজুরুল (২৯)। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারকৃত রাসেল ফকির এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গড়ে তুলেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডাকাতি, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বাহিনীর অত্যাচারে স্থানীয় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। রাসেলের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতি ও সশস্ত্র সহিংসতাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। দুর্ধর্ষ এই অপরাধীদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
মতামত