সারাদেশ

জয়পুরহাটে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রিন্ট
জয়পুরহাটে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, বিকাল ৪:২০

জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ চম্পা রানী (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এই অভিযান চালানো হয়।

আটক চম্পা রানী ওই এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী। অভিযানে তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ওয়াজেদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস এবং সদর থানার ওসি আনিছুর রহমানসহ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযান চলমান রয়েছে। আটক চম্পা রানী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।