ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। স্বামীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। শুধু শহর এলাকাতেই নয়, প্রতিদিন সদর আসনের প্রতিটি ইউনিয়ন ও পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন রাহাত আরা।
নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “মির্জা ফখরুল আপনাদেরই লোক, সবসময় আপনাদের পাশেই ছিলেন। দেশের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং জেল-জুলুম সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি। অতীতে যেমন আপনারা তার পাশে ছিলেন, এবারও ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবেন বলে আমার বিশ্বাস।”
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনটি এবার বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে বিএনপির মহাসচিব ছাড়াও হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম। প্রার্থীদের এমন সরব উপস্থিতিতে ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মতামত