সারাদেশ

বারহাট্টায় মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

প্রিন্ট
বারহাট্টায় মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, বিকাল ৪:৫৩

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে এক যুবকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামে অনিক ইসলাম নামে ওই ভুক্তভোগীর বাড়িতে এই হামলা চালানো হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ও জুয়ার প্রসারের প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধনে অনিক ইসলাম বক্তব্য দেন। এর জেরে ক্ষুব্ধ হয়ে সোমবার (১২ জানুয়ারি) নৈহাটি এলাকার মানিক মিয়া, রেহান মিয়া, পলাশ ও পিয়াসের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অনিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায়।

হামলার ঘটনার ভিডিও ফুটেজে অভিযুক্তদের স্পষ্ট দেখা গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো আসামিদের অব্যাহত হুমকিতে অনিক ও তার পরিবার এখন প্রাণভয়ে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বারহাট্টা থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী অনিক ইসলাম বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে কথা বলায় তারা আমার বাড়ি তছনছ করেছে। এখন গ্রামেও ফিরতে পারছি না।

এ বিষয়ে বারহাট্টা থানা পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।