নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণ মামলার পলাতক আসামি ও আলোচিত সন্ত্রাসী সোহাগকে (৩৪) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ১০ মাস আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে কদমতলী এলাকা থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্য দুজন হলেন, আব্দুল জলিল (৩২) ও মো. পারভেজ (২৫)। অভিযানে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ওই সময় সোহাগকে প্রকাশ্যে পিস্তল হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন। সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে রিমান্ডের আবেদন করব। অস্ত্র উদ্ধার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা করা হবে। বর্তমানে মাদক আইনে মামলা দিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত