নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ কুখ্যাত সন্ত্রাসী ও পুলিশের তালিকাভুক্ত আসামি সোহাগ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সোহাগের বিরুদ্ধে এর আগেও প্রকাশ্যে গুলিবর্ষণ ও আধিপত্য বিস্তারের একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত এই ৩ জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।
একই সময়ে পরিচালিত অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরও ১০ জন পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে জিআর (সাধারণ রেজিস্টার) মামলায় ৮ জন এবং সিআর (সিভিল রেজিস্টার) মামলায় ২ জন আসামি রয়েছেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের নির্মূল করতে আমাদের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মোট ১৩ জন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত