সারাদেশ

আড়াইহাজারে তুলার কারখানায় আগুন: ১০ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

প্রিন্ট
আড়াইহাজারে তুলার কারখানায় আগুন: ১০ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি তুলা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের লালুরকান্দি এলাকায় স্থানীয় মো. সামাদের মালিকানাধীন কারখানায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তেই আগুন কারখানায় থাকা তুলা ও গার্মেন্টসের ঝুট মালের স্তূপে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কারখানার তিনটি তুলা তৈরির মেশিন, একটি মোটরসহ বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। কারখানা মালিকের দাবি, এই অগ্নিকাণ্ডে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঝুটের গোডাউনের পাশেই কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।