গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ রক্ষায় গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করতে চায় তারাই না-ভোটের পক্ষে অবস্থান নেয়। কোনো দল যদি না ভোটে অবস্থান নেয়, তবে তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানি করবে।
বুধবার (২১ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, হ্যাঁ-ভোট নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তেই ভোট দিতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস, সেই ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা হলে স্বৈরাচারী সরকার গঠনের সুযোগ থাকবে না।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত