সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতি ও ন্যায্য অধিকারের দাবিতে ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন পালন করেছেন ভুক্তভোগী এক নারী ও তার পরিবার। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা বেলী রানীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বেলী রানীর সন্তানের রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, একটি শিশুর পিতৃপরিচয় পাওয়া তার মৌলিক অধিকার। দীর্ঘদিন আইনি লড়াই চালিয়েও এই পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে আইনি জটিলতা নিরসন করে শিশুটির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী বেলী রানী বলেন, সন্তানের পিতৃপরিচয় নিয়ে আমি প্রতিনিয়ত সামাজিক ও মানসিকভাবে লাঞ্ছিত হচ্ছি। আমার সন্তানের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। আমি শুধু আমার সন্তানের বাবার নামের স্বীকৃতি চাই।
মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচার নিশ্চিত করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মতামত