সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই ফয়সল আমিনের প্রচারণা

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই ফয়সল আমিনের প্রচারণা

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, রাত ৯:৩৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মির্জা ফখরুলের পক্ষে প্রচারণার উদ্বোধন করেন তাঁর ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ত্যাগী নেতা, ঠাকুরগাঁওয়ের মানুষ তাঁর ওপর আস্থা রেখে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো বড় চ্যালেঞ্জ দেখছি না। প্রশাসনের ভূমিকাও সন্তোষজনক ও নিরপেক্ষ। তবে একটি মহল এখনও ষড়যন্ত্রে লিপ্ত। আমরা চাই দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

গণভোটে অংশগ্রহণ ও সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বিএনপি সংস্কার সনদে স্বাক্ষর করেছে এবং সেই আলোকেই প্রচারণা চলছে। জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে সদর আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এই গণসংযোগ আরও জোরদার করা হবে।