ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তৈয়ব (৫৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফতুল্লার আলোচিত যুবলীগ ক্যাডার আজমতের ঘনিষ্ঠ সহযোগী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন পার হওয়ার সময় সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য বেরিয়ে আসে। গ্রেফতারকৃত তৈয়ব ফতুল্লার শিয়াচর গণি হাজী বাড়ি এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তৈয়বের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত