সারাদেশ

রূপগঞ্জে নারী কর্মীদের প্রচারে বাধার অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন

প্রিন্ট
রূপগঞ্জে নারী কর্মীদের প্রচারে বাধার অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, রাত ৯:৪০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াত। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুড়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রূপগঞ্জ আসনের (নারায়ণগঞ্জ-১) প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা অভিযোগ করেন, এদিন সকালে ভুলতা এলাকার ছোনাব গ্রামে জামায়াতের নারী কর্মীরা গণসংযোগে গেলে স্থানীয় কয়েকজন বিএনপি কর্মী তাদের বাধা দেন। এসময় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং পরবর্তীতে এলাকায় দেখলে শারীরিক লাঞ্ছনার হুমকি দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, অর্ধেক ভোটার নারী হওয়া সত্ত্বেও তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর আমির মাওলানা আব্দুল মজিদ ও সেক্রেটারি খাইরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াত নেতারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।