সারাদেশ

শ্রীপুরে ইউটিউব দেখে লেবু চাষে সফল কামরুল হোসেন

প্রিন্ট
শ্রীপুরে ইউটিউব দেখে লেবু চাষে সফল কামরুল হোসেন

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, দুপুর ১২:৩৮

মাগুরার শ্রীপুর উপজেলায় ইউটিউব দেখে চায়না-৩ সিডলেস জাতের লেবু চাষ করে বাজিমাত করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা কামাল হোসেন। পেশায় পল্লী পশু চিকিৎসক হয়েও কৃষিতে তাঁর এই অভাবনীয় সাফল্য এলাকার বেকার যুবকদের স্বপ্ন দেখাচ্ছে।

উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া গ্রামের কামাল হোসেন গত ২০২৫ সালের এপ্রিলে বাড়ির পাশে ৫৫ শতক জমিতে ৩৫০টি চায়না-৩ লেবু এবং ৫০টি ভিয়েতনামী মাল্টা চারা রোপণ করেন। চারা রোপণ, জমি তৈরি ও শ্রমিকের মজুরিসহ তাঁর মোট ব্যয় হয় প্রায় দেড় লক্ষ টাকা। রোপণের মাত্র চার মাস পর থেকেই গাছে ফুল আসতে শুরু করে এবং সাত মাসের মাথায় শুরু হয় বাণিজ্যিক বিক্রি।

বর্তমানে কামালের বাগানের প্রতিটি গাছে ২০০ থেকে ২৫০টি করে লেবু ঝুলছে। তিনি বলেন, বাজারে এই লেবুর চাহিদা ব্যাপক। প্রতি পিস ৩ টাকা দরে বিক্রি করছি। চাষে পরিশ্রম ও রোগবালাই কম হওয়ায় এটি অত্যন্ত লাভজনক। বাগান থেকেই পাইকাররা লেবু ও কলম চারা কিনে নিয়ে যাচ্ছেন। লেবুর পাশাপাশি তিনি একই জমিতে সাথী ফসল হিসেবে বেগুন, লাউ ও বিভিন্ন শাকসবজি চাষ করে বছরজুড়ে অর্থ উপার্জন করছেন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির জানান, সীডলেস এই লেবু প্রচুর রসালো ও সুগন্ধিযুক্ত। কৃষি বিভাগ থেকে তাকে প্রযুক্তিগত সকল সহযোগিতা দেওয়া হচ্ছে। কামালের এই বাগানটি বর্তমানে অত্র অঞ্চলের জন্য একটি আদর্শ মডেল হয়ে দাঁড়িয়েছে।