সারাদেশ

ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না: মির্জা ফখরুল

প্রিন্ট
ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না। এ দেশ সবার এখানে ভয় বা শঙ্কার কোনো কারণ নেই।

রবিবার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর ইসকন মন্দির এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা এই দেশেরই নাগরিক। আপনারা নিশ্চিন্তে ভোট দেবেন। বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনাদের জান-মালের কোনো ক্ষতি হবে না।

শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা বারবার সতর্ক করেছিলাম যে অত্যাচার-নির্যাতন করলে পালানোর পথ পাবেন না। আজ তিনি পালিয়ে গেলেও তাঁর দলের সাধারণ কর্মীরা শঙ্কার মধ্যে রয়েছেন। তবে আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।

তরুণ প্রজন্মের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, মাঠে নতুন দল এলেও তরুণরা এখন সচেতন। তারা জানে কোন দল পরীক্ষিত এবং দুঃসময়ে জনগণের পাশে থাকে। আমি নিজেও বহুবার পরাজিত হয়েছি, কিন্তু আপনাদের ছেড়ে যাইনি।

আগামীতে ক্ষমতায় এলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মন্দির সংস্কারের পাশাপাশি প্রতিটি ঘরে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। আমরা এমন এক বাংলাদেশ গড়বো যেখানে কেউ কারো ওপর জুলুম করতে পারবে না।