সারাদেশ

লালমোহনে বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ২০

প্রিন্ট
লালমোহনে বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ২০

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৪৯

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।  সোমবার (জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের গজারিয়া আজহারউদ্দিন কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আজহারউদ্দিন কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক (চরফ্যাশন) থেকে আসা একটি অটোরিকশার সাথে জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহত ২০ জনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

লালমোহন থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে খাদে পড়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।