আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নৌকার কাণ্ডারি শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলেছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলত।
সোমবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল তার বক্তব্যে নিজের রাজনৈতিক সততা তুলে ধরে বলেন, আমি শিক্ষকতা করেছি বলে সবাই আমাকে স্যার বলে সম্মান করে। আমরা রাজনীতির নামে ব্যবসা করি না। বিএনপি জনগণের এবং মা-বোনদের অধিকার রক্ষায় কাজ করে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, নতুন মার্কার প্রার্থীরা তরুণ, তাদের ভবিষ্যৎ ভালো হতে পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার প্রয়োজন আছে। জামায়াত প্রসঙ্গে তিনি কড়া ভাষায় বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা আজ জনগণের কাছে ভোট চাইতে আসে, যা কাম্য নয়।
সংখ্যালঘু ভোটারদের অভয় দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। বিএনপি ক্ষমতায় থাকলে সবার অধিকার সমান থাকবে।
মতামত