সারাদেশ

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ: নির্বাচন কর্মকর্তার বদলি দাবি

প্রিন্ট
পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ: নির্বাচন কর্মকর্তার বদলি দাবি

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, রাত ৯:৩৪

তথ্য গোপন করে নিজ জেলায় দীর্ঘ সময় দায়িত্ব পালন এবং আসন্ন নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তারের দ্রুত বদলি দাবি করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এই লিখিত আবেদন জানিয়েছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ইকবাল হোসেনের নির্বাচনী এজেন্ট মো. আব্দুল লতিফ।

লিখিত আবেদনে দাবি করা হয়, মাহমুদা আক্তার আদতে পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও নিজের জন্মস্থান ময়মনসিংহ দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে নিজ জেলায় চাকরি করছেন। সরকারি বিধি অনুযায়ী, প্রথম শ্রেণির কর্মকর্তাদের নিজ জেলায় দায়িত্ব পালনে বিধিনিষেধ থাকলেও তিনি তা অমান্য করেছেন। বর্তমানে তিনি পাবনা পৌরসভার গোপালপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ওই কর্মকর্তা পদাধিকার বলে একটি বিশেষ রাজনৈতিক পক্ষকে সুবিধা দিচ্ছেন। বিশেষ করে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট প্রতীকের অনুসারীদের অগ্রাধিকার দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া বেড়া উপজেলায় দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও এনেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

অভিযোগের বিষয়ে মাহমুদা আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, অভিযোগটি পেয়েছি। তবে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি, তাই পক্ষপাতিত্বের সুযোগ নেই। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি।

আবেদনটির অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয় ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।