পাবনা-৫ (সদর) আসনের বুদেরহাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের বাধা ও হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ও বাগবিতণ্ডা তৈরি হয়।
ভুক্তভোগী জামায়াত কর্মী তাসলিমা অভিযোগ করেন, ওই এলাকায় ভোট চাইতে গেলে কিছু লোক তাদের পথরোধ করে। তারা এলাকাটিকে বিএনপি প্রার্থীর (শিমুল বিশ্বাস) নিজস্ব এলাকা দাবি করে জামায়াতের প্রচারণায় বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাদের ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করা হয়। এসময় ইউনিয়ন জামায়াত নেতা সুলতান এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে তারা দাবি করেন।
এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভোট চাওয়ার অধিকার সবার আছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ জানান, মারধরের অভিযোগ পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।
মতামত