সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও ডাকাতসহ গ্রেফতার ১০

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও ডাকাতসহ গ্রেফতার ১০

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, রাত ১০:৪১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, ডাকাত ও চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মোঃ জিদান (১৯) এবং মাদারীপুরের শিবচর এলাকার মোঃ শামছুল আলমকে (৪০) ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া গোদনাইল ও সুমিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ শামীম (২৮) ও মোঃ সুমনকে (২৯) গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় পৃথক তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক মামলায় মাহে আলম (৩২) ও মোঃ হৃদয় (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মালিবাগ এলাকা থেকে চুরি মামলার দুই আসামি মোঃ রাজিব হাওলাদার রাসেল (৪২) ও মোঃ জহির ইসলামকে (২২) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিশেষ এই অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরও দুই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত মোট ১০ জন আসামিকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।