সারাদেশ

১৯৭১-এর ভুলের জন্য আগে ক্ষমা চান, তারপর ভোট চান: জামায়াতকে ফখরুল

প্রিন্ট
১৯৭১-এর ভুলের জন্য আগে ক্ষমা চান, তারপর ভোট চান: জামায়াতকে ফখরুল

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, রাত ১০:৩০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের ভুলের জন্য জামায়াতে ইসলামীকে আগে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, মাফটা চান, বলেন ভুল করছি ১৯৭১ সালে তারপর ভোটটা চান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়ায় এক নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল এসব কথা বলেন। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে পাক বাহিনীকে কারা সহযোগিতা করেছিল তা সবার জানা। অথচ তারা এখনো ক্ষমা চায়নি, উল্টো আমাদের দোষারোপ করে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য, মাটির জন্য। সেই স্বাধীনতার রক্ষায় আমি জীবন দিতেও রাজি। রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা রাজনীতি করে ব্যবসা করি না, বরং পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করি। গত ১৫ বছর আমাদের কেবল মামলা ও হামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে। আসন্ন নির্বাচনকে নিজের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি ভোটারদের কাছে শেষ সুযোগ ও আমানত হিসেবে ভোট প্রার্থনা করেন। শিক্ষিত যুবকদের বেকারত্ব দূর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু এমএ-বিএ পাস করলেই হবে না, কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে আয় করার সুযোগ তৈরি করতে হবে। তরুণদের সঠিক পথে পরিচালিত করাই হবে আগামী দিনের লক্ষ্য। গণসংযোগকালে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।