সারাদেশ

জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: রেজাউল করিম

প্রিন্ট
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: রেজাউল করিম

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:৪৯

রংপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করার চেষ্টা করেছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক নির্বাচনি জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, আমরা জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে এগোচ্ছিলাম। কিন্তু আমাদের না জানিয়েই জামায়াত অন্যান্য দলকে যুক্ত করে জোটের নেতৃত্ব নিজেদের হাতে নিয়ে নেয়। মূলত সেই নেতৃত্বের মাধ্যমে তারা আমাদের ব্যবহার করতে চেয়েছিল। ইসলামের পক্ষে বড় উত্থানের যে আশা আমরা করেছিলাম, তা অন্ধকারে পর্যবসিত হয়েছে। তিনি আরও যোগ করেন, জামায়াত ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায় না বুঝতে পেরেই তারা জোট থেকে সরে এসে হাতপাখা প্রতীকে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। জনসভায় অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রেজাউল করিম বলেন, সরকার একটি স্মরণীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমরা শঙ্কিত। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও আগ্রাসী ভূমিকা দেখা যাচ্ছে। ভোলায় আমাদের নারী কর্মীদের ওপর যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। নির্বাচনের পরিবেশ ঠিক করার দায়িত্ব সরকারের বলেও তিনি স্মরণ করিয়ে দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের সমর্থনে এই জনসভা আয়োজন করা হয়। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দাবি করেন, আলেম-ওলামাসহ সাধারণ মানুষ মানবতার মুক্তির জন্য হাতপাখা প্রতীকের বিজয়ের অপেক্ষায় আছে।