সারাদেশ

শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১২৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রিন্ট
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১২৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:২৪

মাগুরার শ্রীপুরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের পর্দা নামে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। গত বুধবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তিন দিন ধরে চলা এই উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালেক মূহিদ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল চর্চার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্মল কুমার সাহা, অধ্যক্ষ, শ্রীপুর সরকারি কলেজ। প্রদ্যুৎ কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার। মোঃ শাহিন মিয়া, অফিসার ইনচার্জ (ওসি), শ্রীপুর থানা। আব্দুল গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ড. মুসাফির নজরুল, সভাপতি, শ্রীপুর প্রেসক্লাব। উত্তম কুমার অধিকারী, প্রধান শিক্ষক, শ্রীপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে। বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উৎসবে উপস্থিত ছিলেন।