সারাদেশ

শেরপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রিন্ট
শেরপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৫২

শেরপুরে শাহীনুল ইসলাম (৪৩) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে শহরের গৃর্দানারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। নিহত শাহীনুল জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি শেরপুর সদর থানায় কর্মরত ছিলেন এবং থানার পাশে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহীনুলের স্ত্রী ও সন্তান ওইদিন সকালে গ্রামের বাড়িতে যান। দুপুরে ডিউটি শেষে শাহীনুল বাসায় ফিরলেও স্ত্রীর ফোন ধরছিলেন না। রাতে স্বজনরা বাসায় ফিরে কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী মাকসুদা বেগম জানান, শাহীনুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।