সারাদেশ

পাবনায় মাদকসহ কালের কণ্ঠ প্রতিনিধি গ্রেপ্তার

প্রিন্ট
পাবনায় মাদকসহ কালের কণ্ঠ প্রতিনিধি গ্রেপ্তার

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:১৮

পাবনার চাটমোহরে ৪২০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল লতিফ রঞ্জু (৪২) নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চাটমোহর রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রঞ্জু দৈনিক কালের কণ্ঠের চাটমোহর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা খ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর রেলবাজার এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় রঞ্জুর কাছ থেকে ৪২০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় মাদক টাপেন্টাডল উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার আড়ালে তিনি মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।