সারাদেশ

শ্রীপুরে হাফেজিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রিন্ট
শ্রীপুরে হাফেজিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, রাত ১১:০৪

মাগুরা প্রতিনিধি মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা দারুসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনসহ আসবাবপত্র ও পবিত্র কোরআন শরিফ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জুমার নামাজ চলাকালীন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার মুহতামিম মাওলানা তাফসিরুল ইসলাম জানান, নামাজ শেষে তারা মাদ্রাসায় আগুন দেখতে পান। আগুনে শিক্ষার্থীদের থাকার টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া একটি নতুন মোটরসাইকেল, বৈদ্যুতিক পাখা, আলমারি, শিক্ষার্থীদের আসবাবপত্র, পোশাক এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কোরআন ও হাদিসের বই পুড়ে গেছে। বর্তমানে মাদ্রাসাটিতে ৩৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার শামছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।