সারাদেশ

বালিয়াডাঙ্গীতে ড্যাব এর দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে ড্যাব এর দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, দুপুর ২:৪০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাধারণ ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশাল পরিসরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালনা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঠাকুরগাঁও জেলা শাখা। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. এম এ কেনান। দিনব্যাপী এই ক্যাম্পে মেডিসিন, সার্জারি, শিশু, স্ত্রী ও প্রসূতি, বক্ষব্যাধি, লিভার, বাত-ব্যথা, চর্ম ও যৌন, নাক-কান-গলা (ইএনটি), চক্ষু এবং দন্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন, ডা. আব্দুর রাজ্জাক রুবেল, ডা. শাকিল আহমেদ, ডা. উমর মারুফ, ডা. মিরাজ আলী, ডা. নাঈম ইসলাম, ডা. আব্দুল্লাহ, ডা. শাকির ও ডা. মোসাদ্দিক হোসেন। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ পরীক্ষা করা হয়। আয়োজকরা জানান, দরিদ্র ও সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ। ঠাকুরগাঁওয়ের প্রান্তিক জনপদে ড্যাবের এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।