সারাদেশ

ঠাকুরগাঁওয়ে এক মঞ্চে সব প্রার্থী: দুর্নীতিমুক্ত শাসনের অঙ্গীকার

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে এক মঞ্চে সব প্রার্থী: দুর্নীতিমুক্ত শাসনের অঙ্গীকার

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, রাত ১০:৩৩

রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) পীরগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়ামে সুশাসনের জন্য নাগরিক সুজন এই সভার আয়োজন করে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ১০ জন প্রার্থী একই মঞ্চে দাঁড়িয়ে ভোটারদের প্রশ্নের জবাব দেন এবং নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ কর্মপরিকল্পনা ঘোষণা করেন, বিএনপি জাহিদুর রহমান শিল্পকারখানা স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ। জামায়াতে ইসলামী মিজানুর রহমান দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত এলাকা গঠন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ। জাতীয় পার্টি হাফিজ উদ্দিন আহম্মেদ গ্রামীণ অবকাঠামো ও কৃষিভিত্তিক শিল্প স্থাপন। গণ অধিকার পরিষদ মামুনুর রশিদ সেচ ব্যবস্থার উন্নয়ন ও স্থানীয় কলেজ সরকারি করার অঙ্গীকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল আমিন শিক্ষার মানোন্নয়ন ও হাসপাতালের আধুনিকায়ন। স্বতন্ত্র আশা মনি নারীর ক্ষমতায়ন ও সীমান্ত এলাকার উন্নয়ন। এছাড়াও মুসলিম লীগ, মাইনরিটি জনতা পার্টি ও সুপ্রিম পার্টির প্রার্থীরা শিক্ষা ও কর্মসংস্থানের ওপর জোর দেন। সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নসরতে খোদা রানা। অনুষ্ঠানে সুজন জেলা সভাপতি আবদুল লতিফ বলেন, ভোটার ও প্রার্থীদের মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠান শেষে প্রার্থীরা সুজনের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসন উপহার দেওয়ার শপথ নেন। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উন্মুক্ত সংলাপে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।