সারাদেশ

ঠাকুরগাঁও-৩ আসনে ফুটবল মার্কার আশা মণির চমক: জেতালে বিয়ের ব্যবস্থা

প্রিন্ট
ঠাকুরগাঁও-৩ আসনে ফুটবল মার্কার আশা মণির চমক: জেতালে বিয়ের ব্যবস্থা

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:৪৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মণি। ফুটবল প্রতীক নিয়ে দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। তবে তার নির্বাচনী প্রচারণার ধরন ও অভিনব প্রতিশ্রুতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে আশা মণি বলেন, তরুণ ভোটারদের কাছ থেকে আমি নিয়মিত বিয়ের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ পাচ্ছি। অনেক তরুণ ভাই বলছেন আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমার কথা, আমাকে একটা করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের পথ সহজ করে দেব। শুধু তরুণ নয়, সব বয়সী ভোটারের কাছেই বিয়ের উপহার হিসেবে একটি করে ভোট চেয়েছেন এই নারী প্রার্থী। তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে হাস্যরসের জোয়ার। জয়দেব দেবনাথ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, কেউ দিচ্ছেন ফ্যামিলি কার্ডের আশ্বাস, আর আশা মণি আপা দিচ্ছেন জীবনসঙ্গী পাওয়ার প্রতিশ্রুতি উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে মাত্র ২ জন নারী প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থীর ভিড়ে নজর কেড়েছেন ফুটবল মার্কার এই সাহসী নারী। স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন বলেন, ফলাফল যাই হোক, নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের সংগ্রামে আশা মণি একজন লড়াকু সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।