সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ ৫ কারবারি গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ ৫ কারবারি গ্রেফতার

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৩০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিষেশ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক অভিযানে মোট ১৩ হাজার ১০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা জব্দ করা হয়। এ সময় গ্রেফতার করা হয় নুপুর বেগম (৩৫) ও মো. মনিরুল ইসলামকে (৩৭)। তারা মিজমিজি এলাকায় নাদিম আহমদের বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। পুলিশের অপর এক অভিযানে মিন্টু মোল্লা (৪২) নামে এক মাদক কারবারিকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে, সাহেবপাড়া এলাকা থেকে মো. তারেক মিয়া (২৪) নামের এক যুবককে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া মাদক মামলার আসামিদের পাশাপাশি পুরোনো একটি মামলার ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকের শেকড় উপড়ে না ফেলা পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত পাঁচ আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।