সারাদেশ

লালমনিরহাটে মোটরসাইকেলের ট্যাংকিতে মাদক: র‌্যাবের অভিযানে কারবারি গ্রেফতার

প্রিন্ট
লালমনিরহাটে মোটরসাইকেলের ট্যাংকিতে মাদক: র‌্যাবের অভিযানে কারবারি গ্রেফতার

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৪৫

লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল মাদকসহ শরিফুল ইসলাম (৩২) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামে রংপুর-লালমনিরহাট সড়কে এই অভিযান চালানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেলে তল্লাশি চালায় র‌্যাবের আভিযানিক দল। এ সময় বিশেষ কৌশলে লুকানো ১০০ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল হাতিবান্ধা থানার ভেলাগুড়ি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মোটরসাইকেলে করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। র‌্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।