সারাদেশ

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলনের হাতছানি: খুশি কৃষকরা

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলনের হাতছানি: খুশি কৃষকরা

প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৫০

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। দিগন্তজোড়া ফসলের মাঠে এখন গমের সবুজ সমারোহ। গত বছর বাজারে ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের চাষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে মোট ২১ হাজার ২০০ হেক্টর জমিতে গমের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগ-বালাইয়ের প্রাদুর্ভাব কম হওয়ায় ফলন গতবারের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সদর উপজেলার কৃষক আশরাফুল ইসলাম জানান, গম চাষ অত্যন্ত সহজ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক। তিনি এ বছর ৫০ শতক জমিতে আবাদ করেছেন। বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক হুমায়ুন কবিরের মতে, এক বিঘা জমিতে গম চাষে খরচ হয় মাত্র ৬-৭ হাজার টাকা। বিপরীতে ফলন পাওয়া যায় ১৬ থেকে ১৮ মণ। স্বল্প ব্যয়ে এমন উৎপাদন কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। হরিপুর উপজেলার চাষি চন্দ্র মোহন বলেন, গমে খরচ ও রোগ-বালাই অন্যান্য ফসলের চেয়ে অনেক কম। এবার আমি দুই একর জমিতে আবাদ করেছি, মাঠের অবস্থা দেখে মনে হচ্ছে ফলন খুব ভালো হবে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ের মাটি গম চাষের জন্য অত্যন্ত উপযোগী। ফলন ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকলে জেলায় গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।