সারাদেশ

সিদ্ধিরগঞ্জে আসলামের গণসংযোগে মানুষের ঢল: ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে আসলামের গণসংযোগে মানুষের ঢল: ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১:১৬

সিদ্ধিরগঞ্জ আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারণায় ব্যাপক চমক দেখিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তার নেতৃত্বে বের করা ধানের শীষের গণসংযোগে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকা থেকে গণসংযোগটি শুরু হয়। এরপর মিছিলটি আইলপাড়া, বিহারী ক্যাম্প ও আদমজীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসও ঈদগাঁ মোড়ে এসে শেষ হয়। গণসংযোগ চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে সমর্থন জানান এবং মুহূর্তেই পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত হয়। গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম বলেন, সাধারণ মানুষের চোখে-মুখে আজ পরিবর্তনের আকাক্সক্ষা। গত ১৫ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা সকল অন্যায়ের জবাব দেবে। সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লা আজ ধানের শীষের দুর্গে পরিণত হয়েছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই জাগরণ অব্যাহত থাকবে। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। গণসংযোগে মহানগর ও থানা শ্রমিক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো এলাকা ধানের শীষ ও জিয়া-তারেক স্লোগানে মুখরিত হয়ে ওঠে।