সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আগাম আমের মুকুল: স্বপ্ন বুনছেন বাগান মালিকরা

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে আগাম আমের মুকুল: স্বপ্ন বুনছেন বাগান মালিকরা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:২৫

ঠাকুরগাঁওয়ে শীতের রেশ কাটতে না কাটতেই প্রকৃতিতে উঁকি দিচ্ছে আমের মুকুল। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তার আগেই জেলার বিভিন্ন স্থানে আমগাছে সোনালি মুকুলের সমারোহ দেখা দিয়েছে। আগাম এই মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বাঁধছেন স্থানীয় বাগান মালিক ও চাষিরা।

সদর উপজেলাসহ রাণীশংকৈল, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, দেশি জাতের আমগাছগুলো এরই মধ্যে মুকুলে ভরে উঠেছে। হালকা শীত আর মিষ্টি রোদের অনুকূল আবহাওয়ার কারণে এবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই মুকুল আসতে শুরু করেছে।

স্থানীয় আমচাষিরা জানান, এখন পর্যন্ত আবহাওয়া আমের অনুকূলে রয়েছে। তবে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া, ঘন কুয়াশা কিংবা কালবৈশাখী ঝড় নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে তাদের মাঝে। যদি বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তবে এবার জেলায় বাম্পার ফলন হবে বলে তারা আশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আগাম মুকুল আসা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এ সময় মুকুল রক্ষায় সঠিক পরিচর্যা জরুরি। কুয়াশার কারণে যাতে মুকুলে রোগ বা পোকার আক্রমণ না হয়, সেজন্য কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

শীত বিদায়ের আগেই আমের এই মুকুল ঠাকুরগাঁওয়ের চাষিদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।