সারাদেশ

সিরাজদিখানে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ৯

প্রিন্ট
সিরাজদিখানে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ৯

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:০৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এতে ৪ জন টেটাবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ভোটের আগের দিন এমন সহিংসতায় সাধারণ ভোটারদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের মধ্যে ইমরান (২৮), লিটন (৪৮), সোহাগ (৩৫) ও রিয়াজুলের (২০) নাম জানা গেছে। টেটাবিদ্ধ রিয়াজুল ও ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিডফোর্ড) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চান্দেরচর গ্রামের কালাইচান মাদবর ও জহিরুদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে জহির গ্রুপের সোহাগ গাজী মার্কেট এলাকায় কাজ করতে গেলে কালাইচান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও টেটা নিয়ে তার ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, পূর্ব শত্রুতার জেরে এই মারামারির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।