সারাদেশ

লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা উদ্ধার।

প্রিন্ট
লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা উদ্ধার।

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৪৬

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার বিকেলে জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে এ অর্থ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী অনুসন্ধান এবং তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত অভিযানে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হলে নগদ অর্থ পাওয়া যায়।

প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অর্থসহ গাড়িটি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের নামে। শ্যামল প্রার্থীর খালাত ভাই এবং তার ব্যবহৃত গাড়িটিই নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছিল বলে জানা যায়।

এ ঘটনায় বদরুল আলম শ্যামলকে আটক করেছে সেনাবাহিনী। পাশাপাশি তাকে আধা ঘণ্টার মধ্যে অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনার পর এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রশাসন বলছে, নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।