সারাদেশ

ভবিষ্যতের রাজনীতি নির্ধারণ করবে এই নির্বাচন: মির্জা ফখরুল

প্রিন্ট
ভবিষ্যতের রাজনীতি নির্ধারণ করবে এই নির্বাচন: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:৪০


দীর্ঘ প্রতীক্ষা আর নানা চড়াই-উতরাই পেরিয়ে শুরু হওয়া জাতীয় নির্বাচনই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন অধ্যায় সূচিত হবে।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা আজ শুরু হলো, আমরা আশা করি আগামী দিনে এই পথ মসৃণ হবে। মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতি সুন্দরের দিকে এগিয়ে যাবে—এটাই আমাদের লক্ষ্য।

বিগত দিনের সংগ্রামের কথা স্মরণ করে আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি, রক্তপাত আর ত্যাগের বিনিময়ে আজকের এই দিনের শুভসূচনা হয়েছে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর আন্দোলন ও আত্মত্যাগ ভোলা সম্ভব নয়। এছাড়া গত কয়েক বছরে লাখ লাখ মানুষ নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন।

জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতা, কৃষক ও শ্রমিকের গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এত ত্যাগের পর আমরা প্রত্যাশা করি, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হবে এবং এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

এদিকে, সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মির্জা ফখরুল যখন ভোট দিতে কেন্দ্রে পৌঁছান, তখন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।